নারায়ণগঞ্জ ওয়াচডগ প্রতিবেদক : নারায়ণগঞ্জের জিমখানা ও টানবাজার এলাকায় অভিযান চালিয়ে কর চালানপত্রবিহীন ৮৭ হাজার ৩৯০ কেজি সুতা জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। জব্দ করা সুতার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২০ লাখ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ১১টার দিকে কমিশনারেটের প্রিভেন্টিভ টিম নারায়ণগঞ্জ সদরের জিমখানা ও টানবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ‘এস. আর. ট্রেড’ নামের একটি অনিবন্ধিত গুদামে তল্লাশি চালানো হয়।
অভিযানে চীন, মালয়েশিয়া ও ভিয়েতনাম থেকে আমদানি করা পলিয়েস্টার ও নাইলন সুতা জব্দ করা হয়। এসব আমদানি করা সুতার পরিমাণ ৭৭ হাজার ৩৯০ কেজি। সেগুলোর পক্ষে কোনো কর চালানপত্র পাওয়া যায়নি। এ ছাড়া কর চালানপত্র না থাকায় আরও ১০ হাজার কেজি স্থানীয়ভাবে উৎপাদিত সুতা জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা।
সব মিলিয়ে অভিযানে ৮৭ হাজার ৩৯০ কেজি সুতা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২০ লাখ টাকা।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, সরকারের প্রাপ্য রাজস্ব সুরক্ষা ও আদায়ের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ইতোমধ্যে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।






