নারায়ণগঞ্জ ।
,

এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের মানববন্ধন

এলপিজি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণের প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে খেলাফত মজলিস। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল ৪টা ৩০ মিনিটে চাষাঢ়াস্থ শহীদ জিয়া হল প্রাঙ্গণে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন যখন দুর্বিষহ, তখন এলপিজি গ্যাসের দাম একসঙ্গে ২২৩ টাকা বৃদ্ধি জনজীবনে নতুন করে চাপ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক বাজারের অজুহাতে বারবার মূল্যবৃদ্ধি করে সাধারণ মানুষের পকেট কাটার নীতি বন্ধ করতে হবে। গ্যাসের মূল্য নির্ধারণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। তিনি অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনগণের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মূল্য নির্ধারণের দাবি জানান।

তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ এমনিতেই সংকটে রয়েছে। এ অবস্থায় রান্নার মতো মৌলিক প্রয়োজনের জ্বালানির দাম বাড়িয়ে জনগণের দুর্ভোগ বাড়ানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

শ্রমিকদের চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিরাজুল মামুন বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের আন্দোলনের প্রতি আমরা পূর্ণ সমর্থন জানাই। শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো দ্রুত মেনে নিয়ে তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

মানববন্ধন থেকে এলপিজি গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার, মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জনস্বার্থবিরোধী মূল্যবৃদ্ধি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান পায়েল, মুফতী আব্দুল গনী, মুহাম্মদ শরীফ মিয়াজী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, খেলাফত মজলিস বন্দর থানা পশ্চিম শাখা সভাপতি হাফেজ মাওলানা ফরিদুজ্জামান, সদর থানা সাধারণ সম্পাদক আব্বাস সিকদার, ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দীক, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, মহানগর প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, ইসলামী যুব মজলিসের জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ, প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >