নারায়ণগঞ্জ ।
,

‎ফতুল্লায় মাদক কারবারে বাধা দেয়ায় হামলা

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায় বাধা দেয়া ও পূর্ববিরোধের জেরে একটি পরিবারের ওপর হামলা, বসতঘরে অনধিকার প্রবেশ, ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপির এক ওয়ার্ড সভাপতিসহ কয়েকজনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এক নারী।

‎অভিযোগকারী আশমা (৫৮) ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পূর্ব শাহী মহল্লা এলাকার বাসিন্দা। গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখে তোলা অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, অভিযুক্তদের মধ্যে স্থানীয় বিএনপির ওয়ার্ড সভাপতি মো. শাহজাহানসহ আরও কয়েকজন রয়েছেন। তাঁদের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার বিস্তার, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করা হয়েছে।

‎অভিযোগপত্রে বলা হয়, গত ২৩ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে তাঁর বাড়ির সামনের সড়কে মাদক সেবনকে কেন্দ্র করে তাঁর ছোট ছেলে মো. ইউসুফের সঙ্গে কয়েকজনের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে অভিযুক্তরা তাঁকে মারধর ও হুমকি দেন। পরে রাত আনুমানিক ১০টা ১০ মিনিটের দিকে ১৫-২০ জনের একটি দল লাঠিসোঁটা, ক্রিকেট খেলার স্টাম্পসহ দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে প্রবেশ করে।

‎অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা বাড়িতে ঢুকে ছোট ছেলে ইউসুফকে এলোপাতাড়ি মারধর করেন। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করার চেষ্টা করা হয়। এ সময় পরিবারের অন্য সদস্যদের ওপরও হামলা চালানো হয়। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে অভিযোগকারী আশমাকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা বাড়ির বিভিন্ন স্থানে ভাঙচুর চালান এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখান। একপর্যায়ে তাঁদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। হামলায় আহতদের চিকিৎসা নিতে হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎অভিযোগকারীর দাবি, অভিযুক্তরা এলাকায় প্রভাব বিস্তার করে দীর্ঘদিন ধরে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। রাজনৈতিক পরিচয় ও প্রভাব খাটিয়ে তাঁরা সাধারণ মানুষকে হয়রানি এবং ভয়ভীতি প্রদর্শন করছেন। এ বিষয়ে প্রতিবাদ করায় তাঁর পরিবারকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

‎অভিযোগকারী আশমা তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >