নারায়ণগঞ্জ ।
,

৩০ হাজার টাকা বেতনের দাবিতে লিংক রোড অবরোধ, ভাঙচুর; ভোগান্তিতে যাত্রীরা

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার দুপুর থেকে নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকায় সড়কে অবস্থান নিয়ে তাঁরা এ আন্দোলন শুরু করেন। এ সময় একটি কাভার্ডভ্যান ও আন্দোলনে যোগ না দেওয়া এসবি স্টাইল কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে।

শ্রমিকদের সড়ক অবরোধের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং আটকে পড়া যানবাহনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে শিবু মার্কেট এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা সড়কে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় আন্দোলনে অংশ না নেওয়া এসবি স্টাইল কারখানার শ্রমিকদের লক্ষ্য করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। একটি কাভার্ডভ্যানও ভাঙচুর করা হয়।

পরে দুপুর আড়াইটার দিকে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের উদ্দেশ্যে রওনা হন। তাঁরা ভূইঘর এলাকায় পৌঁছালে পুলিশ ও বিজিবির যৌথ দল তাঁদের বাধা দেয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তাঁদের সড়ক থেকে সরিয়ে দেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

তিনি আরও জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >