নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬৪২ বোতল ফায়ারড্রিল ও একটি ট্রাকসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াব এলাকায় প্রগতি স্কুলের পশ্চিম পাশের সেতুসংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহীর বাঘা থানার মনিগ্রামের মো. শিমুল হোসেন (৩৬) এবং একই থানার পার সাওতা বিনোদপুর গ্রামের মো. ইয়ামিন আলী (২১)।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এসআই (নিরস্ত্র) অজয় কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।





