নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গ্রেফতারকৃত এক আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের উপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ আক্রান্তসহ সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে মামলা রুজু করা হয়েছে এবং ইতোমধ্যে ১৩ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানায়, গত ০৫ মে ২০২৬ খ্রিষ্টাব্দ ভোররাত আনুমানিক ৫টার দিকে সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মোঃ মেহেদী ইসলাম এবং এ.আইচ. এম সালাউদ্দিন, অফিসার ইনচার্জ, রূপগঞ্জ থানার নেতৃত্বে একটি আভিযানিক দল অস্ত্র আইনের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ শামীম মিয়া (৪০) কে উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে আসার পথে পূর্বপরিকল্পিতভাবে ১৫০-২০০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের বহনকারী সরকারি গাড়ি অবরোধ করে। হামলাকারীরা রাম-দা, লোহার পাইপ, ছোরা ও লাঠিসোঠা নিয়ে পুলিশ সদস্যদের ওপর আক্রমণ চালায় এবং একপর্যায়ে আসামি শামীম মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়।
এ সময় পুলিশের ব্যবহৃত সরকারি গাড়ি ভাঙচুর করা হয় এবং অভিযানে অংশ নেওয়া একাধিক পুলিশ সদস্য আহত হন।ঘটনার পরপরই রূপগঞ্জ থানা পুলিশ, পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত ফোর্স, র্যাব এবং বিজিবি যৌথভাবে সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানে এ ঘটনায় জড়িত ১৩ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় ৪০ জন এজাহারনামীয় আসামি এবং অজ্ঞাতনামা আরও ১৫০-২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।








