নারায়ণগঞ্জ ।
,

ফতুল্লায় ছাত্রলীগের বাইক শোডাউনের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আকস্মিক বাইক শোডাউন ও মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মোরশেদ। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, সাংবাদিক মোরশেদ ‘বুলেটিন ৭১’ নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক। শিবু মার্কেট এলাকায় ছাত্রলীগের বাইক শোডাউন ও মিছিলের ভিডিও ধারণ করার সময় বাইক বহর থেকে একটি মোটরসাইকেল তার ওপর দিয়ে চালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সাংবাদিকের ওপর এমন হামলার ঘটনায় নারায়ণগঞ্জের স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দায়িত্ব পালনকালে একজন সাংবাদিকের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলায় জড়িতদের শনাক্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >