নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৯০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কামসাইর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার লক্ষ্যে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
অভিযানকালে রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের কামসাইর এলাকার মো. ইসমাইল মিয়ার একটি পরিত্যক্ত দোকানকোঠা থেকে ৫৯০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— কামসাইর মধ্যপাড়ার মো. ইসমাইল মিয়া (২৮), কামসাইর মোল্লাপাড়ার মো. মাসুদ রানা (২৫), কামসাইর টেকবাড়ি এলাকার মো. ফরহাদ মিয়া (২২) এবং কামসাইর বড়বাড়ি এলাকার ওসমান গনি (২৭)। তাঁদের সবার বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন কামসাইর এলাকায়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধ, মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।




