ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিদ্যালয়ের অফিস কক্ষে মারামারি ও ধস্তাধস্তিতে জড়ানোর ঘটনায় এক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। একই সঙ্গে শাস্তিমূলক তাদের বদলির সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত দুই শিক্ষক হলেন ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন ও সহকারী শিক্ষক আসমা বেগম। স্থানীয় সূত্রে জানা যায়, তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, দুই শিক্ষকের মারামারির ঘটনা তদন্ত করে দ্রুত প্রতিবেদন জমা দিতে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছিল।
গতকাল বুধবার সন্ধ্যায় তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। পাশাপাশি দুজনকে বদলির সুপারিশ করে অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রায় ১০ থেকে ১২ দিন আগে পারিবারিক বিরোধের জেরে বিদ্যালয়ের অফিস কক্ষের ভেতরে মারামারি ও ধস্তাধস্তিতে জড়ান আফজাল হোসেন ও আসমা বেগম। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে বিষয়টি জেলা শিক্ষা প্রশাসনের নজরে এলে তদন্তের নির্দেশ দেওয়া হয়। খোঁজ নিয়ে জানা যায়, ২০০৪ সালে আফজাল হোসেন ও আসমা বেগমের বিয়ে হয়। তাদের এক মেয়ে রয়েছে। তিনি উচ্চমাধ্যমিক শেষ করে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। তবে পারিবারিক কলহের জেরে গত ১৪ বছর ধরে তারা আলাদা থাকছেন।
এ নিয়ে তাদের মধ্যে আদালতে মামলাও চলছে। ২০১১ সালের দিকে দুজনই আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জের ধরে কর্মস্থলের ভেতরেই তাদের এমন মারামারির ঘটনায় বিদ্যালয় ও স্থানীয় পর্যায়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।




