রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত ৩১ দফা দাবি বাস্তবায়নে জনমত তৈরীর লক্ষ্যে ব্যাপক ভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সেই ধারাবাহিকতায় শুক্রবার মহানগর বিএনপির নেতাকর্মীদের নিয়ে নগরীর সাধারণ মানুষের মাঝে ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী এই নেতা। এসময় মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন প্রকৃত দেশপ্রেমিক ছিলেন। তিনি এদেশের স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের বীর যোদ্ধা। দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন জিয়াউর রহমান। দেশ গঠন, অর্থনৈতিক সমৃদ্ধি, কর্মসংস্থান তৈরী, সুশাসন প্রতিষ্ঠা, সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা এবং নারীদের অধিকার নিশ্চিত করতে অভাবনীয় ভূমিকা রেখেছেন। তিনি একজন সফল রাষ্ট্র নায়ক ছিলেন। তার সহধর্মিণী বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষা, ন্যায় প্রতিষ্ঠা, দেশ এবং জাতির প্রশ্নে আপোষহীন নেত্রী হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলেও স্বীকৃত ও সমাদৃত। তাদের সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেও সেই ধারা বজায় রাখতে এবং রাষ্ট্র কাঠামো মেরামত করতে যুগোপযোগী ৩১ দফা উপস্থাপন করেছেন। এই ৩১ দফার মধ্যেই রাষ্ট্র মেরামতের যাবতীয় উপাদান রয়েছে। এই মুহুর্তে রাষ্ট্র সংস্কার ও দেশ পরিচালনায় জনাব তারেক রহমানের বিকল্প নেই।’
সাখাওয়াত হোসেন খান আরও বলেন, ‘বিএনপি সর্বদা দেশ ও জাতির জন্য রাজনীতি করে। সুখে দু:খে মানুষের পাশে থাকে। এই দলের একজন কর্মী হিসেবে এবং দলীয় আদর্শ ধারণ করে আমরাও যেকোনো পরিস্থিতিতে সর্বদা জনগণের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।’







