নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও কারখানার উৎপাদন সচল রাখতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি, শিল্প পুলিশ ও আনসার সদস্যদের যৌথ টহলে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।
রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল, বিসিক শিল্পনগরী, আদমজী ইপিজেড, সোনারগাঁ ও রূপগঞ্জ এবং বন্দরসহ জেলার বিভিন্ন এলাকার প্রায় ৪৫০টি পোশাক কারখানায় শ্রমিকেরা প্রতিদিনের মত কাজে যোগ দিয়েছেন। স্বাভাবিকভাবেই চলছে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম।
কারখানাগুলোর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জেলা ও শিল্প পুলিশের পাশাপাশি টহল দিচ্ছেন বিজিবি এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে চলছে সার্বক্ষণিক নজরদারি।
জেলা প্রশাসক মো. রায়হান কবির জানিয়েছেন,

নারায়ণগঞ্জের শ্রম অধ্যুষিত এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার চার প্লাটুন, বিজিবি ছয়টি প্লাটুন, এসআরবি , পুলিশ ও শিল্প পুলিশের সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে সম্ভাব্য সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংসদ সদস্যরাও শ্রমিকদের বোঝানো এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করছেন। সংশ্লিষ্ট সবার সমন্বয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করা হচ্ছে।
এদিকে নিরাপত্তা জোরদারের ফলে সকাল থেকেই কোনো ধরনের বাধা ছাড়াই কারখানায় প্রবেশ করেছেন শ্রমিকরা।
সংশ্লিষ্টরা বলছেন, শিল্পাঞ্চলের চাকা সচল রাখতে এবং শ্রমিক ও মালিকপক্ষের নিরাপত্তা নিশ্চিত করতে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই যৌথ টহল অব্যাহত থাকবে।





