মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে বড় দুঃসংবাদ বার্সেলোনা ও স্পেন শিবিরে। ক্লাবের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছেন লামিনে ইয়ামাল। ফলে চলতি মৌসুমে আর খেলতে পারবেন না তিনি। স্পেনের হয়ে আসন্ন বিশ্বকাপে খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে তরুণ এই উইঙ্গারের।
গত বুধবার রাতে সেল্টা ভিগোর বিরুদ্ধে বার্সেলোনার ১-০ গোলে জয়ের ম্যাচটিতে ইনজুরিতে পড়েন ইয়ামাল। পেনাল্টি থেকে গোল করেন ইয়ামাল। সেই পেনাল্টি নিতে গিয়েই চোট পান তিনি। জানা গেছে, হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে ইয়ামালের। ফলে চলতি মৌসুমে আর খেলতে পারবেন না তিনি। লা লিগায় বার্সার আর ৬টি ম্যাচ বাকি। সেখানে পাওয়া যাবে না ইয়ামালকে।
ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর দু মাসও বাকি নেই। এই পরিস্থিতিতে ইয়ামালের চোটে চাপে পড়েছে স্পেন। গত বারের ইউরো কাপ চ্যাম্পিয়ন স্পেন এবার বিশ্বকাপ জেতারও দাবিদার। কিন্তু তার জন্য ইয়ামালকে প্রয়োজন। হ্যামস্ট্রিংয়ের চোট সারতে সময় লাগে। ফলে ইয়ামাল পুরোপুরি সুস্থ হয়ে কবে মাঠে নামবেন, তা বোঝা যাচ্ছে না। তার ক্লাব বার্সেলোনার পক্ষ থেকে আসন্ন বিশ্বকাপের আগে ফিট হয়ে ওঠার প্রত্যাশা করা হয়েছে।
এ প্রসঙ্গে বার্সেলোনা বলেছে, ‘লামিন ইয়ামালের বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে ইনজুরির বিষয়টি নিশ্চিত হয়েছে। এই মুহূর্তে তাকে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে। মৌসুমের বাকি সময়টা তিনি আর মাঠে নামতে পারবেন না। তবে বিশ্বকাপের আগে তার সেরে ওঠার প্রত্যাশা করা হচ্ছে।
ইউরো ২০২৪ জয়ী স্পেন দলে অপরিহার্য্য অংশ ছিলেন ইয়ামাল। চলতি সপ্তাহের শুরুতে তিনি বিশ্বকাপ নিয়ে নিজের উচ্ছাসের কথা ব্যক্ত করেছিলেন, ‘ছোটকাল থেকেই আমি বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখতাম। আগামী দুই মাস আমার কাছে খুবই অল্প সময় মনে হচ্ছে। আশা করছি চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপ শেষ করতে পারবো।’
তথ্যসূত্রঃ কালবেলা






