নারায়ণগঞ্জ ।
,

গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে সরকারকে আইনি নোটিশ

দেশের বাজারে গরুর মাংসের অস্বাভাবিক দাম কমিয়ে প্রতি কেজি ২৫০ টাকায় নামিয়ে আনার লক্ষ্যে বাণিজ্যিক আমদানির ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের ছয়টি গুরুত্বপূর্ণ দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন।

গত ১১ সেপ্টেম্বর পাঠানো ওই নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

আইনি নোটিশে উল্লেখ করা হয়, বর্তমানে দেশের বাজারে প্রতি কেজি গরুর মাংস ৭৮০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। এই উচ্চমূল্যের কারণে দরিদ্র, নিম্নবিত্ত ও নির্দিষ্ট আয়ের মধ্যবিত্ত পরিবারের মানুষের জন্য গরুর মাংস কেনা ক্রমেই কঠিন হয়ে উঠেছে। পাশাপাশি সাধারণ মানুষের, বিশেষ করে শিশুদের পুষ্টি ও প্রোটিনের চাহিদা পূরণ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

নোটিশে দাবি করা হয়, আন্তর্জাতিক বাজার থেকে উন্মুক্ত বাণিজ্যিক আমদানির সুযোগ দেওয়া হলে দেশের বাজারে গরুর মাংসের দাম প্রতি কেজি প্রায় ২৫০ টাকায় নামিয়ে আনা সম্ভব। এতে খাদ্য মূল্যস্ফীতি কমার পাশাপাশি শ্রমজীবী মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে এবং সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

এ লক্ষ্যে আগামী ১৫ দিনের মধ্যে জীবিত গরু এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সার্টিফায়েড হালাল ফ্রোজেন ও চিল্ড গরুর মাংস আমদানির ওপর থাকা সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে শুল্ক কাঠামো যৌক্তিক পর্যায়ে এনে খুচরা বাজারে প্রতি কেজি গরুর মাংসের দাম ২৫০ টাকার মধ্যে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নোটিশে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে জনস্বার্থে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা হবে।

তবে আমদানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই গরুর মাংসের দাম প্রতি কেজি ২৫০ টাকায় নেমে আসবে কি না, তা নিশ্চিত নয়। আন্তর্জাতিক বাজারে দাম, পরিবহন ও সংরক্ষণ ব্যয়, শুল্ক এবং দেশের অভ্যন্তরীণ বাজারব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ের ওপর আমদানিকৃত মাংসের চূড়ান্ত মূল্য নির্ভর করবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >