নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের দলীয় পদ স্থগিত করা হয়েছে। গত ৬ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে সংঘটিত সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পদ স্থগিতের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বিষয়টি বিএনপির চেয়ারম্যানের কাছে আপিল করার ঘোষণা দিয়েছেন আনোয়ার প্রধান।
রোববার (১১ অক্টোবর) এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আনোয়ার প্রধান বলেন, ‘আমাকে যারা অন্যায়ভাবে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক পদ স্থগিত করল, তাদের বিচার বিএনপির সকল নেতাকর্মীদের কাছে দিলাম। নিশ্চয়ই আমি এই বিষয়ে বিএনপির মাননীয় চেয়ারম্যান বরাবর আপিল করব, ইনশাআল্লাহ। সবার আগে বাংলাদেশ।’
গত ৬ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে আইনজীবীদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং আনোয়ার প্রধানকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে বিরোধ প্রকাশ্যে আসে। ঘটনার পর বিষয়টি আইনজীবী মহল ও স্থানীয় বিএনপির রাজনীতিতে আলোচনার জন্ম দেয়।
এরই ধারাবাহিকতায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আনোয়ার প্রধানের সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক পদ স্থগিতের সিদ্ধান্ত আসে। একই ঘটনায় মহানগর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি অ্যাডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাতের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
পদ স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপির চেয়ারম্যানের কাছে আপিলের ঘোষণা দিয়ে আনোয়ার প্রধান বিষয়টি দলের সর্বোচ্চ পর্যায়ে নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। এখন তাঁর আপিলের বিষয়ে দলীয় নেতৃত্ব কী সিদ্ধান্ত নেয়, সেটিই দেখার বিষয়।




