নারায়ণগঞ্জ ।
,

সরকারি তোলারাম কলেজের ৯০ বৎসর পূর্তী উৎসব

পুরোনো বন্ধুদের মুখ, সহপাঠীদের সঙ্গে আড্ডা, কলেজজীবনের স্মৃতিচারণ আর নাচ-গানে কেটেছে দিনটি। দীর্ঘদিন পর দেখা হওয়া বন্ধুকে কেউ জড়িয়ে ধরেছেন, কেউ খুঁজেছেন হারিয়ে যাওয়া সহপাঠীদের। আবার কেউ মেতেছেন ফেলে আসা দিনের গল্পে। বয়স, পেশা কিংবা রাজনৈতিক পরিচয় ছাপিয়ে সবার পরিচয় ছিল একটাই—তারা সরকারি তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থী।

ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের ৯০ বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো আয়োজন করা হয় প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী।

শনিবার (২৮ নভেম্বর) নগরের ওসমানী পৌর স্টেডিয়ামে দিনব্যাপী এ আয়োজন ঘিরে বসে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা। এতে অংশ নেন হাজারের বেশি প্রাক্তন শিক্ষার্থী। তাদের মধ্যে ছিলেন ব্যবসায়ী, রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সকাল থেকেই নাচ-গান ও নানা আয়োজনে শুরু হয় অনুষ্ঠান। পর্যায়ক্রমে স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা ও সংগীতানুষ্ঠানে উৎসবমুখর হয়ে ওঠে পুরো মাঠ। দীর্ঘদিন পর পুরোনো বন্ধুদের একসঙ্গে পেয়ে অনেকেই ফিরে যান কলেজজীবনের স্মৃতিতে।

অনুষ্ঠানে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তিনি বলেন, ‘এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দঘন মুহূর্ত। ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের ৯০ বছর পূর্তিতে প্রথমবারের মতো পুনর্মিলনী অনুষ্ঠিত হচ্ছে। প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলায় উপস্থিত হতে পেরে আমরা আনন্দিত।’

কলেজের রাজনৈতিক ও ঐতিহাসিক অবদান স্মরণ করে আবুল কালাম বলেন, স্বাধীনতার আগে থেকেই দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার হিসেবে তোলারাম কলেজের ঐতিহ্য সমৃদ্ধ। সময়ের পরিবর্তনে এখন বিজ্ঞানভিত্তিক, কারিগরি ও তথ্যপ্রযুক্তি শিক্ষার যুগ এসেছে। বর্তমান শিক্ষার্থীরা আধুনিক শিক্ষার সুযোগ কাজে লাগিয়ে সময়োপযোগী যোগ্যতা অর্জন করে দেশ ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।

পুনর্মিলনীর উদ্যোক্তা কলেজের সাবেক ভিপি ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব বলেন, ‘আমরা অত্যন্ত আবেগ ও পরিশ্রমের সঙ্গে অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করেছি। দীর্ঘদিন পর অনেকের সঙ্গে দেখা হয়েছে। আবার অনেকেই বিদেশে আছেন কিংবা পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাঁদের স্মরণ করে রুহের মাগফিরাত কামনা করছি।’

তিনি আরও বলেন, ‘সরকারি তোলারাম কলেজ আমাদের আবেগের জায়গা। এখান থেকে যাঁরা পড়াশোনা শেষ করেছেন, তাঁদের সবার মধ্যে যে হৃদ্যতার বন্ধন রয়েছে, তা আরও বিস্তৃত করাই আমাদের প্রধান লক্ষ্য।’

নিজের কলেজজীবনের স্মৃতিচারণ করে রাজিব বলেন, ছাত্রজীবনে তাঁদের সবচেয়ে বড় অর্জন ছিল শিক্ষকদের হারানো ঐতিহ্য ও সম্মান ফিরিয়ে দেওয়া। মাঝখানে শিক্ষকদের মর্যাদার জায়গায় কিছুটা বিচ্যুতি ঘটেছিল। এখন থেকে শিক্ষকদের মর্যাদা সবার ওপরে থাকবে এবং তাঁদের সেই সম্মানজনক অবস্থান সব সময় নিশ্চিত করা হবে বলে তিনি প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে জনপ্রিয় সোলস ব্যান্ড ও সংগীতশিল্পী ইমরান মাহমুদ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >