ভারতের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরে ১২ জন ভক্ত প্রাণ হারিয়েছেন এই ট্রাকের নিচে চাপা পড়ে।
ভারতের পশ্চিমবঙ্গে দুর্গাপূজার মণ্ডপ ভেঙে সৃষ্ট হুড়োহুড়িতে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যুর পর একই রাতে ভয়াবহ আরেকটি দুর্ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে। রাজ্যের গোয়ালিয়রে একটি মন্দিরে ১২ জন ভক্ত প্রাণ হারিয়েছেন এক ট্রাকের নিচে চাপা পড়ে।
শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে গোয়ালিয়রের শীতলা মাতা মন্দিরে ঘটে মর্মান্তিক এই ঘটনা। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকজন তীর্থযাত্রী, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। খবর এনডিটিভির
প্রতিবেদন থেকে জানা যায়, নিয়ন্ত্রণহীন ট্রাকটি পুলিশের চেকপোস্ট ভেঙে মন্দিরের বাইরে থাকা ভক্তদের চাপা দিয়ে দেওয়াল ও গেটে ধাক্কা দেয়।
গোয়ালিয়র পুলিশের এসএসপি ধর্মবীর সিং জানান, রাত ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ওই সময় চিন্নরের দিক থেকে আসা শস্যবোঝাই একটি ট্রাক রাস্তার নিচু অংশে নিয়ন্ত্রণ হারায়। এরপর এটি পুলিশের ব্যারিকেড ভেঙে মন্দিরের বাইরে জড়ো হওয়া ভক্তদের ওপর ওঠে যায়। এরপর ট্রাকটি মন্দিরের বাইরের দেওয়াল ও গেটে ধাক্কা দেয়। এতে মন্দিরের ১২ জন ভক্ত ট্রাকের নিচে চাপা পড়েন; সেইসঙ্গে মন্দিরের বাইরের অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যও আহত হন। অন্যদের পাশাপাশি তাদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসএসপি ধর্মবীর সিং আরও জানান, ট্রাক চাপা দেওয়ার পর ৩৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে ১২ জনকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া পাঁচ থেকে ছয়জন গুরুতর আহত হয়েছেন।






