শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নিজ উদ্যোগে পরনের কাপড়, শিশুদের জামা ও বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না।
রবিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় নারায়ণগঞ্জের ১৪ নং ওয়ার্ডের নন্দীপাড়া বড় মসজিদের সামনে নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রানার বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সনাতন ধর্মাবলম্বী নারী ও শিশুদের হাতে উপহারসামগ্রী তুলে দেন তিনি।
অনুষ্ঠানে দিলারা মাসুদ ময়না বলেন, “আমি বিএনপির রাজনীতি করি এবং নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী হিসেবে আমার দায়িত্ব হলো মহানগরের মা-বোনদের নিয়ে কাজ করা। আমি সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। মানুষের সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানো আমার রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব বলে মনে করি।”
তিনি আরও বলেন, “১৪ নম্বর ওয়ার্ড আমার নিজের এলাকা। এই এলাকার মাটি ও মানুষের সঙ্গে আমার ছোটবেলা থেকেই আত্মিক সম্পর্ক রয়েছে। আমি এখানেই ছোট থেকে বড় হয়েছি। সে কারণে ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের মানুষের প্রতি আমার আলাদা টান ও দায়িত্ববোধ রয়েছে। বিশেষ করে এলাকার মা-বোনদের পাশে থাকার চেষ্টা করি সব সময়।”
নিজের উদ্যোগে মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে তিনি বলেন, “কেউ আমাকে ডাকলে কিংবা অন্য কারও মাধ্যমে কোনো মানুষের সমস্যার কথা জানতে পারলে আমি যত দ্রুত সম্ভব তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। মানুষের বিপদে পাশে দাঁড়াতে পারাটাই আমার কাছে বড় বিষয়। আমি চাই, এলাকার প্রতিটি মানুষ যেন মনে করেন, তাঁদের সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার মতো কেউ তাঁদের পাশে আছেন।”
দুর্গাপূজা উপলক্ষে উপহার বিতরণের বিষয়ে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি সুন্দর, সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলা প্রয়োজন। প্রত্যেক ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দের সঙ্গে উদযাপনের অধিকার রয়েছে। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবে তাঁদের আনন্দের অংশীদার হতে এবং তাঁদের প্রতি আন্তরিকতা প্রকাশ করতেই নিজের সামর্থ্য অনুযায়ী এই উদ্যোগ নিয়েছেন তিনি।
দিলারা মাসুদ ময়না আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষের পাশে থাকার এবং মানুষের কল্যাণে কাজ করার যে আহ্বান জানিয়েছেন, তা বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। শুধু বড় বড় প্রতিশ্রুতি নয়, মানুষের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো সমাধানে কাজ করাও রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ।
তিনি বলেন, “আমাদের বাড়ি, ঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। নিজের বাড়ির আঙিনা থেকে শুরু করে পাড়া-মহল্লা পর্যন্ত সবাইকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হতে হবে। ‘আমার বাড়ি, আমার ঘর’—এই চিন্তা থেকে প্রত্যেককে নিজের পরিবেশ পরিষ্কার রাখার দায়িত্ব নিতে হবে। একটি সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, মানুষের পাশে থাকার জন্য সব সময় বড় আয়োজনের প্রয়োজন হয় না। আন্তরিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধ থাকলে ছোট ছোট উদ্যোগের মাধ্যমেও মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সমাজের অসহায় মানুষ, নারী ও শিশুদের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা এ উদ্যোগকে স্বাগত জানান। তাঁদের মতে, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ ধরনের উদ্যোগ পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখে।
দিলারা মাসুদ ময়না বলেন, ভবিষ্যতেও তিনি নারায়ণগঞ্জ মহানগরের মানুষের পাশে থেকে তাঁদের কল্যাণে কাজ করে যেতে চান। বিশেষ করে নারীদের বিভিন্ন সমস্যা, সামাজিক প্রতিবন্ধকতা ও অসহায় মানুষের প্রয়োজনের বিষয়ে তিনি সর্বদা আন্তরিক থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় সাথে ছিলেন, সদর থানা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার, সদর থানা মহিলা দলের ১ নং সদস্য রাজিয়া আক্তার ১৪ নং ওয়ার্ডের মহিলা দলের সাধারণ সম্পাদক জাকিয়া আক্তার, এছাড়াও আরও মহিলা দলের অসংখ্য নেতৃবৃন্দু উপস্থিত ছিলেন






