নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত একটি মামলার এজাহারভুক্ত আসামি মো. রাজু (৩৬)-কে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে মঙ্গলবার (৯ জুন ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ১নং ওয়ার্ডের চিটাগাং রোড এলাকায় দিগন্ত বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাজুর পিতার নাম সিকিম আলী ওরফে জমিম এবং মাতার নাম রহিমা বেগম। তিনি সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকার ৩নং ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৩ আগস্ট বিস্ফোরক উপাদানাবলী আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলার (এফআইআর নং-১৯) অন্যতম আসামি তিনি।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের দাবি, সিডিএমএস (CDMS) এবং পুলিশের রেকর্ড পর্যালোচনায় রাজুর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জ সদর থানায় মারামারি, গুরুতর জখম, হত্যাচেষ্টা এবং মাদক-সংক্রান্ত অভিযোগে মোট ছয়টি নিয়মিত মামলা রয়েছে।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।








