নারায়ণগঞ্জ ।
,

সিদ্ধিরগঞ্জে পূর্ববিরোধের জেরে রনিকে খু/ন, ঘা/ত/ক আল-আমিন আটক জনতার হাতে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্ববিরোধের জেরে রনি (নাম ছাড়া পূর্ণ পরিচয় পাওয়া যায়নি) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

আজ রোববার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে মিজমিজি তেরা মার্কেটের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর স্থানীয়রা আল-আমিন নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে মিজমিজি তেরা মার্কেটের সামনে রনির ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করা হয়। বিশেষ করে পিঠে ২০ থেকে ২২টি ছুরিকাঘাতের চিহ্ন দেখতে পান স্থানীয়রা। গুরুতর জখম ও অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পরে নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে তার নাম রনি বলে শনাক্ত করা হয়।

ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে প্রায় ৩০ মিটার দূরে আল-আমিন নামে এক যুবককে সন্দেহজনক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে রনিকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেছেন বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা।

তাদের ভাষ্য অনুযায়ী, দু-এক দিন আগে রনির সঙ্গে আল-আমিনের ঝগড়া হয়েছিল। সেই বিরোধের জের ধরেই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তিনি স্থানীয়দের কাছে জানিয়েছেন।

আটক আল-আমিন সিদ্ধিরগঞ্জ এলাকার আব্দুল আলীর ছেলে বলে জানা গেছে। তবে স্থানীয়দের কাছে দেওয়া কথিত স্বীকারোক্তির বিষয়টি পুলিশি জিজ্ঞাসাবাদ ও তদন্তে যাচাই করা প্রয়োজন।

এ হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত বিরোধই একমাত্র কারণ, নাকি এর নেপথ্যে অন্য কোনো বিরোধ বা পূর্বপরিকল্পনা ছিল, তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। মাত্র কয়েক দিন আগের বিরোধের জেরে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মিজমিজি তেরা মার্কেটের সামনে রনি নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসআই অলিউল্লাহকে পাঠানো হয়। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় আল-আমিন নামে একজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >