নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১১ বছর বয়সী এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ফারুক মিয়া (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্তকে গণধোলাই দিলে তিনি আহত হন। পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১ জুন) রাতে সিদ্ধিরগঞ্জের সৈয়দপাড়া এলাকার ফোরকান হাজীর গরুর খামারে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, অভিযুক্ত ফারুক মিয়া ওই খামারের কর্মচারী। সোমবার রাতে শিশুটি খামারের সামনে দিয়ে যাওয়ার সময় তাকে আম খাওয়ানোর কথা বলে ভেতরে ডেকে নেন তিনি। পরে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।
এ সময় স্থানীয়রা অভিযুক্ত ফারুক মিয়াকে আটক করে বেধড়ক মারধর করেন। এতে তিনি আহত হন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, আম খাওয়ানোর কথা বলে খামারের কর্মচারী ওই শিশুকে ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। তবে স্থানীয়দের তাৎক্ষণিক হস্তক্ষেপে শিশুটি রক্ষা পায়।
তিনি আরও জানান, গণধোলাইয়ের পর আহত অবস্থায় ফারুক মিয়াকে খানপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি পালিয়ে যান। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।






