নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে পৃথক স্থানে অভিযান চালিয়ে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ১৩৭ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী’র দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক’র নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫ মে ২০২৬ তারিখে তিনটি পৃথক সময়ে অভিযান চালানো হয়। বিকাল ৪টা ১০ মিনিটে গোদনাইল সৈয়দপাড়া ক্যানেলপাড় এলাকায় একটি অটো গ্যারেজের সামনে, রাত ১১টা ২০ মিনিটে কদমতলী এম ডব্লিউ স্কুল এন্ড কলেজ সংলগ্ন এলাকায় এবং ভোর ৫টা ৪৫ মিনিটে ১০নং ওয়ার্ডের চিত্তরঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলো
মোঃ মুনসুরুল আজম রাসেল (২৮), মোঃ আমজাদ হোসেন (৩০), নাজিম উদ্দিন (৫৫) এবং মোঃ ইকবাল হোসেন (৪০)। তারা সবাই সিদ্ধিরগঞ্জ ও আশপাশ এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে উল্লেখিত মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং তা জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।








