নারায়ণগঞ্জ । শনিবার
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লার ভোলাইল গেদ্দারবাজারে বাড়িতে হামলা-ভাঙচুর: ৪ জন গ্রেফতার, অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার ভোলাইল গেদ্দারবাজার এলাকায় একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও চুরির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় ঘটনাস্থলে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং চুরি হওয়া একটি বাইসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টায় স্থানীয় বিরোধের জেরে একদল দুর্বৃত্ত ভোলাইল গেদ্দারবাজার এলাকার বাসিন্দা বদরুদ্দীন জামানের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্রসহ বাড়ির তৃতীয় তলার কোলাপসিবল গেট ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং বিভিন্ন মালামাল নিয়ে যায়।

এ ঘটনায় বদরুদ্দীন জামানের ছেলে হৃদয় (২৮) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটি গত ৬ জুন ২০২৬ তারিখে রুজু হওয়ার পর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে পুলিশ অভিযান শুরু করে।

অভিযানে ভোলাইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি সাথী বেগম (৩৮) এবং তদন্তে প্রাপ্ত আসামি শামীম (২৫), আরিফ (২৫) ও আসলাম (২৮)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে হামলার সময় ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ভুক্তভোগীর বাড়ি থেকে চুরি হওয়া একটি বাইসাইকেলও উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

অপরাধ দমনে ফতুল্লা মডেল থানার অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >