নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজান (২৮) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন পিলকুনি এলাকার ব্যাংক কলোনির মাঠসংলগ্ন পুকুরপাড় থেকে তাকে আটক করা হয়।
ফতুল্লা মডেল থানার এএসআই শরীফুল ইসলাম-২ এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পিলকুনি এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মিজান রংপুর জেলার মিঠাপুকুর থানার রহমতপুর এলাকার সমেষ উদ্দিন ও মর্জিনা আক্তারের ছেলে। সে বর্তমানে ফতুল্লা থানাধীন তক্কার মাঠ এলাকায় শহীদ মাস্টারের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে।
ফতুল্লা মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুব আলম জানায়, গ্রেফতারের পর মিজানের পিসিপিআর (PCPR) বা অপরাধের রেকর্ড যাচাই করে দেখা গেছে, তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। সে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত। গ্রেফতারকৃত মিজানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।






