নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৬৯ লাখ টাকার সহায়তা

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের ২১টি পরিবারের মধ্যে ৬৯ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে দুর্ঘটনায় নিহত ১১ জনের পরিবার এবং আহত ১০ জনের পরিবার রয়েছে।

রোববার (১৫ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “সড়ক দুর্ঘটনায় পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি নিহত বা আহত হলে পুরো পরিবারকে আর্থিক ও সামাজিক সংকটের মুখোমুখি হতে হয়। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের আর্থিক সহায়তা দেওয়া অত্যন্ত মানবিক ও গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই সহায়তা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুঃসময়ে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে।”

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, “সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, পরিবহন মালিক, শ্রমিক ও সাধারণ পথচারীসহ সবাইকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, যানবাহন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব।”

বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির, জেলা শ্রমিক ও বাস মালিক সমিতির সভাপতি মো. সেলিম মিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >