নারায়ণগঞ্জ । শুক্রবার
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়নের বিষয়ে যা বললেন মন্ত্রী: পাগলা সড়ক ও সাইনবোর্ড সড়কের

নারায়ণগঞ্জের যানজট নিরসন ও সড়ক অবকাঠামো উন্নয়নে চাষাড়া মোড়ে ইন্টারচেঞ্জ ও ওভারপাস নির্মাণ, চাঁনমারী-রাইফেল ক্লাব এলাকায় সড়ক প্রশস্তকরণ এবং চাষাড়া-পঞ্চবটি-পোস্তগোলা আঞ্চলিক মহাসড়ক উন্নয়নের বিষয়ে জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

জাতীয় সংসদে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন উত্থাপিত পৃথক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।

সংসদে দেওয়া তথ্যে মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ লিংক সড়ক (আর-১১১) সাইনবোর্ড থেকে চাষাড়া পর্যন্ত ৬-লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ ২০২৫ সালের জুন মাসে সম্পন্ন হয়েছে। তবে চাঁনমারী থেকে চাষাড়া পর্যন্ত প্রায় ৪৫০ মিটার অংশে সড়ক ও জনপথ বিভাগের নিজস্ব জমি না থাকায় ওই অংশে প্রয়োজনীয় প্রশস্ততা নিশ্চিত করা সম্ভব হয়নি।

মন্ত্রী আরও বলেন, ভূমি হস্তান্তর সম্পন্ন হলে চাঁনমারী, রাইফেল ক্লাব ও চাষাড়া মোড় এলাকায় পরিকল্পিতভাবে সড়ক প্রশস্তকরণ কাজ বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে সেখানে একটি এট-গ্রেড ইন্টারসেকশন (ইন্টারচেঞ্জ) এবং ওভারপাস নির্মাণের পরিকল্পনাও গ্রহণ করা হবে।

তিনি জানান, সংশ্লিষ্ট ভূমির মালিকানা বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে থাকায় সেখানে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জটিলতা রয়েছে। এ সমস্যা সমাধানে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ভূমি বিনিময়ের একটি প্রস্তাব অনুমোদনের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে চাষাড়া থেকে পঞ্চবটি হয়ে পোস্তগোলা পর্যন্ত আঞ্চলিক মহাসড়ককে ৬-লেনে উন্নীত করার বিষয়ে উত্থাপিত আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সড়কটি বর্তমানে সরকারের ইনার সার্কুলার রোড পরিকল্পনার অংশ হিসেবে সার্ভিস লেনসহ ৪-লেনে উন্নীত করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের প্রশ্নের জবাবে প্রকাশিত এসব তথ্য নারায়ণগঞ্জ নগরীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সম্ভাবনার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >