নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে ভয়ঙ্কর ছিনতাইকারী সিফাত ও নিঝুম, ছাড় পেলো না ব্যবসায়ী

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় রাত হলেই ভয়ঙ্কর হয়ে ওঠে ছিনতাইকারী সিফাত ও নিঝুম। ছিনতাইয়ের শিকার হচ্ছে সাধারণ মানুষ ও ব্যবসায়ী। ফরাজীকান্দা-টমটম ব্রিজ সংলগ্ন এলাকায় থেকে শুরু করে পাড়া-মহল্লার রাস্তায় প্রতিনিয়তই তাদের শিকার হতে হচ্ছে। এসব এলাকায় প্রশাসনের নজরদারী না থাকায় তাদের দৌরাত্ম বেড়েই চলছে। এর ধারাবাহিকতায় গতকালও আব্দুল রহমান নামে এক হোসিয়ারি ব্যবসায়ীকে ধারালো অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ছিনতাই ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে, যা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার মাধবপাশা এলাকার বাসিন্দা ও হোসিয়ারি ব্যবসায়ী মো. আব্দুর রহমান (৩২) গত ১৩ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইকারী সিফাত ও নিঝুম ফরাজীকান্দা-মাধবপাশা সড়কের টমটম ব্রিজের ওপর পৌঁছালে তাকে পথরোধ করে গলায় অস্ত্র ঠেকিয়ে তার ব্যবহৃত “ভেনেলা” ব্র্যান্ডের মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-২৫-৬৫৬৩), যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা, ছিনিয়ে নেয়। একই সঙ্গে তার কাছে থাকা প্রায় ২৫ হাজার টাকা নগদও লুট করে নেয় তারা।
ভুক্তভোগী আরও জানান, ছিনতাইকারীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে পরিবারের সঙ্গে আলোচনা করে অভিযুক্তদের নাম-পরিচয় শনাক্ত করে বন্দর থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, রাতের বেলায় পুলিশের টহল জোরদার না থাকায় ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে উঠছে।
তবে বন্দর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >