কক্সবাজার আদালতের নির্দেশে ৪৬টি মামলায় আলামত হিসেবে জব্দ করা ৯৯ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ৪০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য বিধি মোতাবেক ধ্বংস করা হয়েছে।
মাদক ধ্বংস কমিটির চেয়ারম্যান ও বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব আসাদ উদ্দিন মোঃ আসিফ এবং বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব এস.এম. গিয়াস উদ্দিন এর উপস্থিতি আদালতের নির্ধারিত স্থানে এসব মাদক ধ্বংস করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, কক্সবাজারের বিভিন্ন থানায় পরিচালিত আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এসব মাদক জব্দ করা হয়েছিল। আইনি প্রক্রিয়া ও বিচারিক কার্যক্রম শেষে আদালতের নির্দেশে গঠিত মাদক ধ্বংস কমিটির উপস্থিতিতে পরিবেশবান্ধব ও বিধিসম্মত উপায়ে এই ধ্বংসকার্য সম্পন্ন করা হয়।
ধ্বংসকৃত মাদকের মধ্যে বিপুল পরিমাণ ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস), বিদেশি মদ, গাজা ও অন্যান্য ক্ষতিকর মাদকদ্রব্য রয়েছে বলে জানা গেছে।
মাদক ধ্বংস করার এই বিশেষ কার্যক্রমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের অন্যান্য কর্মকর্তা ও পুলিশের উর্ধ্বতন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



