মিয়ানমারের নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া বন্ধ করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, বর্তমান পরিস্থিতিতে মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন সম্ভব নয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মিয়ানমারের প্রায় ১,৫০০ নাগরিককে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। ধারণা করা হচ্ছে, ফেরত পাঠানো ব্যক্তিদের অধিকাংশই রোহিঙ্গা শরণার্থী।
এটি দেশটির চলমান প্রত্যাবাসন কর্মসূচির প্রথম ধাপ। এই কর্মসূচির আওতায় মোট ৫,০০০ জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হতে পারে।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, এমন কোনো দেশে কাউকে পাঠানো উচিত নয়, যেখানে তিনি নিপীড়ন, নির্যাতন, গুরুতর ক্ষতি কিংবা জীবন বা স্বাধীনতার প্রতি হুমকির মুখে পড়তে পারেন। প্রথাগত আন্তর্জাতিক আইনের আওতায় কোনো ব্যক্তিকে বিপদের মুখে ঠেলে দেয়া বা এমন পরিস্থিতিতে ফেরত পাঠানো নিষিদ্ধ।




