নারায়ণগঞ্জ । শুক্রবার
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আকিবুল (১০) ও সোয়াইব (৬) নামের দুই সহোদর ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১:০০ টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার কাঞ্চন পৌরসভার কলাতলা এলাকার সিদ্দিকের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকিবুল ও সোয়াইব তাদের নানাবাড়ি কলাগাছিয়া গ্রামের বাসিন্দা তাইজুল ওরফে তাজুলের বাড়িতে বেড়াতে এসেছিল। আজ দুপুরে তারা দুজনে নানাবাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে যায়। একপর্যায়ে তারা পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়।

বেশ কিছু সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয।
উদ্ধারের পর পরই স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা দুই ভাইকে দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে হাসপাতাল প্রাঙ্গণে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছিল।
ঘটনার পর নিহতদের পরিবার ও আত্মীয়-স্বজনদের মাঝে চরম শোকের ছায়া নেমে এসেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, স্বজনরা দুই ভাইয়ের মরদেহ তাদের নিজ বাড়ি রূপগঞ্জের কলাতলায় নিয়ে গেছেন বলে জানা গেছে। সেখানে তাদের দাফনের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >