নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে থানার মসজিদের দ্বিতীয় তলা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে আড়াইহাজার থানা মসজিদের মোয়াজ্জিন নাসির উদ্দিন মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে কোরআন শরিফ রাখার তাকের ওপর একটি লাল রঙের শপিং ব্যাগ দেখতে পান। ব্যাগটি সন্দেহজনক মনে হলে তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে থানার ডিউটি অফিসারকে অবহিত করেন।
খবর পেয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সবজেল হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শপিং ব্যাগটি তল্লাশি করেন। এ সময় ব্যাগের ভেতর থেকে একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরে থানার অস্ত্র সংক্রান্ত রেজিস্ট্রার পর্যালোচনা করে পুলিশ নিশ্চিত হয়, উদ্ধার হওয়া পিস্তলটি গত ৫ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দে আড়াইহাজার থানা থেকে লুণ্ঠিত অস্ত্রগুলোর একটি।
পুলিশের প্রাথমিক ধারণা, সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং কিশোর গ্যাং দমনে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে কোনো দুষ্কৃতিকারী লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ গোপনে সরিয়ে নিয়ে থানার মসজিদে রেখে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে কীভাবে লুণ্ঠিত অস্ত্রটি আবার থানার মসজিদে এলো এবং কারা এটি সেখানে রেখে গেছে—তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ ঘটনায় থানার ভেতর থেকেই লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের বিষয়টি স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে। তদন্ত শেষে অস্ত্রটি কে বা কারা সেখানে রেখেছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য বেরিয়ে আসতে পারে বলে জানিয়েছে পুলিশ।




