নারায়ণগঞ্জ ।
,

ককটেল-আগুনে আতঙ্ক বন্দর নগরীতে, সড়ক থেকে ফ্লাইওভারেও পুলিশের কড়াকড়ি

কোথাও ককটেল বিস্ফোরণ, কোথাও যাত্রীবাহী বাসে আগুন, আবার কোথাও পেট্রোলবোমা নিক্ষেপ। গত কয়েক দিনের ব্যবধানে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ধারাবাহিক এসব নাশকতার ঘটনায় জনমনে তৈরি হয়েছে আতঙ্ক। এর মধ্যে ১০ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হচ্ছে নগরী। গুরুত্বপূর্ণ সড়ক, ফ্লাইওভার ও প্রবেশপথে চলছে পুলিশের তল্লাশি।

নগরের লালখান বাজার থেকে পতেঙ্গামুখী এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং লালখান বাজার থেকে বহদ্দারহাটমুখী সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশের একাধিক দলকে তল্লাশি চালাতে দেখা গেছে। ব্যক্তিগত গাড়ি থেকে গণপরিবহন, সিএনজিচালিত অটোরিকশা থেকে মোটরসাইকেল সব ধরনের যানবাহনই ছিল তল্লাশির আওতায়। সড়কের পাশাপাশি ফ্লাইওভারেও ছিল পুলিশের নজরদারি।

পুলিশ সূত্র বলছে, ১০ নভেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে নগরজুড়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন থানার নিয়মিত সদস্যদের পাশাপাশি পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও জনসমাগমস্থলে বাড়ানো হয়েছে নজরদারি।

নগরের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বলছে, উদ্বেগের কারণও কম নয়। গত রোববার, সোমবার ও মঙ্গলবার দফায় দফায় কালুরঘাট, মনসুরাবাদ ও সাগরিকা এলাকায় মোট তিনটি আলাদা যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর আগে গত ৬ নভেম্বর রাতে ষোলশহর দুই নম্বর গেট এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবনের সামনে দুটি এবং ভূমি অফিসের সামনে একটি পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এসব ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করেছে নগর পুলিশ।

এদিকে গত রোববার রাত সাড়ে ১০টার দিকে নগরের নিউমার্কেট এলাকায় দুই থেকে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। খুলশী পুলিশ ফাঁড়ির সামনে পার্কিং করে রাখা পুলিশের জব্দ করা একটি পণ্যবাহী কাভার্ডভ্যানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে নিশ্চিত করেছে পুলিশের একটি সূত্র।

শুধু যানবাহন কিংবা সরকারি স্থাপনাই নয়, নাশকতার লক্ষ্যবস্তু হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভও। নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

একের পর এক এসব ঘটনায় নগরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে পুলিশের দাবি, নাশকতা ঠেকাতে মাঠপর্যায়ে তৎপরতা জোরদার করা হয়েছে।

নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ কালবেলাকে বলেন, পুলিশের কঠোর নজরদারির কারণে গত কয়েক দিনের মতো আজ নগরের কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নাশকতাকারীদের ঠেকাতে পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এখন পর্যন্ত নগরের বিভিন্ন থানা এলাকায় নাশকতার সন্দেহে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >