নারায়ণগঞ্জ । সোমবার
৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ বিএনপিতে শকু,মুকুল ও মুরাদের বহিষ্কারাদেশ বাতিল

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমানের নির্বাচনী প্রচারণায় যুক্ত থাকার অভিযোগে বহিষ্কৃত বিএনপির ছয় নেতার মধ্যে তিনজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

১৮ নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কার প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়।

পদ ফিরে পাওয়া তিন নেতা হলেন—নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল,মহানগর বিএনপির সদস্য ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু,সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ।

২০২৩ সালের ৩০ ডিসেম্বর বিএনপির এই তিনজনসহ মোট ছয় নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়। এর আগে ২৬ ডিসেম্বর নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সমরক্ষেত্র এলাকায় জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।


সেই সমাবেশে অন্যান্য অতিথির সাথে বন্দর থানা বিএনপির আহ্বায়ক হান্নান সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ এবং যুগ্ম আহ্বায়ক গোলাম নবী মুরাদ উপস্থিত ছিলেন। এমনকি তারা সেলিম ওসমানের সমর্থনে মিছিলসহকারে ওই সমাবেশে যোগ দেন।

ঘটনার পরই দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিরোধী দলের প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে বিএনপি তাদের বহিষ্কার করে। প্রায় এক বছর পর পুনর্মূল্যায়নের মাধ্যমে বিএনপি তিনজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের দলীয় পদটি ফেরত দিল।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >