নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মজুদ এক হাজার ১২০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার গোদনাইল বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান।
আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে এক হাজার ৫০ লিটার ডিজেল ও ৭০ দশমিক ৫ লিটার অকটেন জব্দ করা হয়। জব্দ জ্বালানি পরবর্তীতে পদ্মা ডিপোর পরিচালন কর্মকর্তা সালেহ সামিরের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে জ্বালানি মজুদ ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ধারাবাহিক চলবে।’







