বন্দর প্রতিনিধি: বন্দরে পৈতৃক সম্পত্তি দখলমুক্ত করা এবং নিজেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছে ভূক্তভোগী এক অসহায় ও প্রতিবন্ধী পরিবার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বন্দর উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জ বরাবরে এ স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপি সূত্রে জানা যায়, বন্দর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কলাবাগ এলাকার স্থায়ী বাসিন্দা মো. হালিম ও মো. সাইদুল দীর্ঘ ৩৫ বছর ধরে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। তাদের পরিবারের এক ভাই শারীরিক প্রতিবন্ধী এবং তারা সকলেই এতিম। অভিযোগ অনুযায়ী, তাদের পৈতৃক ১২ শতাংশ জমি দীর্ঘ ৩৫ বছর আগে কোনো বৈধ দলিল ছাড়াই গায়ের জোরে দখল করে নেন মৃত সালাউদ্দিন সরদার।
বর্তমানে ওই জমিতে মৃত সালাউদ্দিন সরদারের দুই ছেলে—সাবেক ছাত্রশিবির নেতা ইতালি প্রবাসী ব্যবসায়ী নূরুল ইসলাম ও বোরহানগং অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করে ভোগদখল করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি প্রতিবন্ধি পরিবারটি দখল মুক্ত করার প্রতিবাদে অবৈধ দখলদার ছাত্রশিবির নেতা ইতালি প্রবাসী ব্যবসায়ী নূরুল ইসলাম ও বোরহারগংদের বিরোদ্ধে মানব বন্ধন করে।
ভুক্তভোগী পরিবারটির দাবি, নূরুল ইসলাম প্রবাসে থাকলেও তার ভাই বোরহানের মাধ্যমে তারা অসহায় পরিবারটিকে পৈতৃক ভিটা থেকে উচ্ছেদ করার চেষ্টা চালাচ্ছেন। জমির অধিকার চাইলে তাদের নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করা হচ্ছে। অসহায় ও প্রতিবন্ধী হওয়ায় তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্মারকলিপিতে ভুক্তভোগীরা পৈতৃক সম্পত্তি উদ্ধার এবং দখলদারদের হাত থেকে জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের নিকট আকুল আবেদন জানিয়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।






