নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয়বারের মতো জামায়াতের আমীর হিসেবে শপথ গ্রহণ করলেন ডা. শফিকুর রহমান

টানা তৃতীয়বারের মতো জামায়াতের আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এই শপথ গ্রহণ করেন।

শপথ গ্রহণ ও উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে ২০১৯ সালের ১২ নভেম্বর প্রথমবার এবং ২০২২ সালের ৩১ অক্টোবর দ্বিতীয়বার আমির নির্বাচিত হন ডা. শফিকুর রহমান।

চিকিৎসা পেশায় যুক্ত হওয়ার পাশাপাশি তিনি রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। শুরুতে জাসদ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকলেও ১৯৭৭ সালে ইসলামী ছাত্রশিবিরে যোগ দেন এবং সিলেট মেডিক্যাল কলেজ শাখা ও সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন এবং পরবর্তীতে সিলেট শহর, জেলা ও মহানগর আমিরের দায়িত্ব পালন করেন।

গত ২ নভেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে তৃতীয় মেয়াদে তার নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জামায়াতে ইসলামী। দলটির ইতিহাসে এর আগে টানা তিনবার আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামী।

গঠনতন্ত্র অনুযায়ী, জামায়াতে ইসলামীর জাতীয় কাউন্সিলের সদস্যদের সরাসরি গোপন ভোটে তিন বছরের জন্য আমির নির্বাচন করা হয়। নির্বাচিত আমীরকে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে প্রধান নির্বাচন কমিশনারের নিকট শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্বপ্রাপ্তি সম্পন্ন করতে হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >