নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিশেষ অভিযান পরিচালনা করে ৪ জন দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সোনারগাঁও থানাধীন পিরোজপুর ও মোগড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে এসআই মো. ইকরাম উজ্জামানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলো মো. রুবেল (৩২), মো. উজ্জ্বল (৩৫), আল আমিন (৩২) ও ইলিয়াছ বাবু (২৬)। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় খুন, ডাকাতি, মাদক এবং নারী ও শিশু অপহরণসহ একাধিক মামলা রয়েছে।
সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।








