বয়স পেরিয়ে গেছে ৪০ বছর। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বছরখানেক আগে। কিন্তু ক্রিকেটের প্রতি ভালোবাসা এতটুকুও কমেনি। সেই ভালোবাসা থেকেই আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগের মাঠে দেখা যাবে তাকে। তবে চিরচেনা সেই মোহামেডানের জার্সিতে নয়, অভিজ্ঞ এই অল-রাউন্ডার দলবদল করে নাম লিখিয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে।
আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) কার্যালয়ে গিয়ে দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। প্রায় ১০ বছর পর আবারও পুরোনো ক্লাবে ফিরলেন তিনি। এর আগে ২০১৫ সালে সবশেষ প্রাইম ব্যাংকের জার্সিতে খেলেছিলেন মাহমুদউল্লাহ।
দীর্ঘ বিরতির পরও দলে সুযোগ দেওয়ায় ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ধন্যবাদ যে তারা আমাকে সুযোগটা দিয়েছে। প্রতিটা ক্রিকেটারেরই স্বস্তির বিষয় হলো মাঠের কষ্টের পর ঠিকঠাক পারিশ্রমিক পাওয়া। এদিক থেকে প্রাইম ব্যাংক অনন্য। আমার যতটুকু জ্ঞান বা অভিজ্ঞতা আছে, ইনশাআল্লাহ লক্ষ্য পূরণে আমি তার সর্বোচ্চটা দেব।’
এবারের আসরে প্রাইম ব্যাংক বেশ ভারসাম্যপূর্ণ দল গড়েছে। মাহমুদউল্লাহর পাশাপাশি দলটিতে থাকছেন আজিজুল হাকিম তামিম, শাহাদাত হোসেন দীপু, শামীম হোসেন পাটোয়ারি, আলিস আল ইসলাম ও তানজিম হাসান সাকিবের মতো ক্রিকেটাররা।
দল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে মাহমুদউল্লাহ বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি খুব খুশি এই দল নিয়ে। টপ অর্ডার থেকে শুরু করে যেভাবে সাজানো হয়েছে, খুব ভালো। টপ অর্ডারে তামিম আছে, আজিজুল হাকিম তামিম আছে, দীপু আছে। মিডল অর্ডারে আমি আছি, পাটোয়ারি আছে। পেস ও স্পিন বিভাগও বেশ সমৃদ্ধ। তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের দারুণ একটা মিশেল আছে আমাদের দলে।’








