রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আমতলা এলাকার চর আষাড়িয়াদহে অভিযান চালিয়ে ১ কেজি ৬৭৭ গ্রাম হেরোইনসদৃশ মাদকদ্রব্য উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহীর সিপিএসসি ইউনিট। রোববার (২৫ অক্টোবর) ভোর ৪টার দিকে একটি ফসলি জমিতে পড়ে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে আভিযানিক দল জানতে পারে, গোদাগাড়ীর আমতলা এলাকার চর আষাড়িয়াদহের একটি ফসলি জমিতে পরিত্যক্ত অবস্থায় মাদকদ্রব্য রাখা রয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালান সদস্যরা। এ সময় জমির ওপর পড়ে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতরে চারটি এয়ারটাইট পলিব্যাগ পাওয়া যায়।
পলিব্যাগগুলো পরীক্ষা করে হালকা বাদামি রঙের গুঁড়ো পদার্থ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পদার্থটি হেরোইনসদৃশ মাদক হিসেবে শনাক্ত করা হয়। পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধার করা পদার্থের পরিমাণ নির্ধারণ করা হলে মোট ১ হাজার ৬৭৭ গ্রাম, অর্থাৎ ১ কেজি ৬৭৭ গ্রাম পাওয়া যায়।
উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করার জন্য আলামতগুলো সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মাদক কারবার, অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড ও সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধের পাশাপাশি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে সংস্থাটির কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ ঘটনায় কাউকে আটক করার তথ্য পাওয়া যায়নি। ফসলি জমিতে পরিত্যক্ত অবস্থায় পাওয়া মাদকদ্রব্যের উৎস এবং এর সঙ্গে কোনো ব্যক্তি বা চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।







