নারায়ণগঞ্জ ।
,

৪ রানের আক্ষেপে শিরোপা হাতছাড়া বাংলাদেশের

শেষ পর্যন্ত লড়াই করেও জয়ের দেখা পেল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। অধিনায়ক সাদিয়া ইসলামের দুর্দান্ত ফিফটি এবং সাদিয়া আক্তারের ঝোড়ো ইনিংসের পরও শ্রীলঙ্কার বিপক্ষে ৪ রানে হেরে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের শিরোপা হাতছাড়া করেছে বাংলাদেশ।

ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ফাইনালে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান করে শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশ ৭ উইকেটে ১৫৪ রানে থেমে যায়।

১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় রান শূন্য থাকতেই বিদায় নেন দুই ওপেনার মাইমুনা নাহার ও উইকেটরক্ষক অচেনা জান্নাত। পরে ২১ রানে তৃতীয় উইকেট হারালে চাপে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

সেখান থেকে দলকে লড়াইয়ে ফেরান নিশিতা আক্তার নিশি ও অধিনায়ক সাদিয়া ইসলাম। চতুর্থ উইকেটে দুজনের ৬৭ রানের জুটি বাংলাদেশের জয়ের আশা জাগায়। ৩৩ বলে ৩২ রান করে রানআউট হন নিশি।

এরপর ব্যাট হাতে ঝড় তোলেন অধিনায়ক সাদিয়া। ৩৬ বলে ৩টি চার ও ৫টি ছক্কায় ৫৯ রান করেন তিনি। সাদিয়া আক্তারও দারুণ ব্যাটিংয়ে ম্যাচ জমিয়ে তোলেন। ২২ বলে ৩৫ রানের ইনিংসে মারেন ৩টি ছক্কা ও ১টি চার। তবে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়ে জয়ের পথ কঠিন করে ফেলে বাংলাদেশ।

শেষ দিকে চেষ্টা করেও লক্ষ্যে পৌঁছাতে পারেনি দল। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান করে বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে চামুডি প্রবোধ ও চামোধী হেরাত নেন দুটি করে উইকেট।

এর আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাকে বড় সংগ্রহ এনে দেন সানজানা কবিন্দি। ওপেনিংয়ে ভিমোক্ষা বালসুরিয়ার সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন তিনি। ভিমোক্ষা ১৫ বলে ২৩ রান করে ফিরলেও দারুণ ব্যাটিং অব্যাহত রাখেন সানজানা।

নেথমী উপেকশার সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫৫ রান যোগ করেন তিনি। ৪৪ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৬৪ রান করে আউট হন সানজানা। পরে উমায়ঙ্গনা পিরিসের অপরাজিত ২৮ এবং দানোদ্যা সেওমিনির ১৫ রানের ইনিংসে ১৫৮ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা।

বাংলাদেশের হয়ে জান্নাতুল ফেরদৌস, ফারজানা ইয়াসমিন, আফরিন মিম ও নিশিতা আক্তার নিশি একটি করে উইকেট নেন। চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে নিয়ন্ত্রিত বোলিং করেন তিথি দাস।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >