নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবার গুঁড়া এবং ভাঙা অংশসহ মোঃ আফজাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন বক্তাবলীর রাজাপুর চৌরাস্তা মোড় সংলগ্ন মেসার্স বন্ধু স্যানিটারী অ্যান্ড ইলেকট্রনিক্সের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা-এর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এএসআই (নিরস্ত্র) আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেপ্তার আফজাল হোসেন মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার কালীনগর বড়গ্রাম এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম আব্দুল মতিন এবং মাতার নাম হোসনে আরা বেগম। এ সময় তাঁর কাছ থেকে ২০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট এবং হালকা কমলা রঙের গুঁড়া ও ভাঙা অংশ, যার পরিমাণ আনুমানিক ৩০ গ্রাম বলে পুলিশ জানিয়েছে, উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির পিসিপিআর (পূর্ববর্তী অপরাধের তথ্য) যাচাই করে তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ফতুল্লা মডেল থানা পুলিশের এ অভিযান পরিচালিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।





