নারায়ণগঞ্জ ।
,

সাহেব আলী হ/ ত্যা/ মা/ ম/ লার প্রধান আ/সা/মী রনি গ্রে/ফ/তা/র

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বহুল আলোচিত ‘সন্ত্রাসী সাহেব আলী হত্যা মামলার’ মূল ঘাতক ও সিসিটিভি ফুটেজে শনাক্তকৃত প্রধান অভিযুক্ত মোঃ রনি (৩২) কে হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্রসহ গ্রেফতার করেছে এসআরবি-১১ এবং এসআরবি-৮। শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে এসআরবি-১১’র সদর দপ্তর থেকে অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাসুদ পারভেজ-পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-১১’র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর থেকে হামলাকারীরা গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। ঘটনার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে এসআরবি-১১ হামলাকারীদের অবস্থান নিশ্চিত করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর সাড়ে ৪ টায় এসআরবি-১১ এবং এসআরবি-৮’র একটি যৌথ আভিযানিক দল শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার শাহজাহানপুর এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে উক্ত হত্যা মামলার প্রধান অভিযুক্ত মোঃ রনিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মূল ঘাতক রনি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার ব্যবহৃত অস্ত্রের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। ধৃত অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে এসআরবি-১১’র একটি আভিযানিক দল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনিতে অভিযুক্তের নিজ বাসায় একটি ফলোআপ অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল এক রাউন্ড গুলিসহ উদ্ধার করা হয়।

এসআরবি-১১ জানায়, গত ১২ অক্টোবর ২০২৬ খ্রিঃ তারিখ আনুমানিক সন্ধ্যা পৌনে ৬ টায় আটি ওয়াপদা কলোনি এলাকার ইত্তেহাদ টাওয়ারের সামনে অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রকাশ্য দিবালোকে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সশস্ত্র সন্ত্রাসীরা আটি ওয়াপদা এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলী (৪০)-কে লক্ষ্য করে সরাসরি কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। প্রাপ্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় যে, প্রধান অভিযুক্ত মোঃ রনি নিজ হাতে সাহেব আলীকে লক্ষ্য করে একের পর এক গুলি চালিয়ে যাচ্ছে। গুলিবিদ্ধ হয়ে সাহেব আলী সড়কের পাশের একটি খালে পড়ে গেলে হামলাকারীরা সেখানেও তাকে লক্ষ্য করে আরও কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রকাশ্য দিবালোকে এ হত্যাকান্ডের ঘটনায় সিদ্ধিরগঞ্জ এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং নিহতের পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

 গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য যে, এই হত্যাকান্ডে জড়িত এজাহারনামীয় ৩নং অভিযুক্ত সাব্বিরকে গত ১৩ অক্টোবর গ্রেফতার করা হয়। মামলায় জড়িত অন্যান্য পলাতক অভিযুক্তদের গ্রেফতারে এসআরবি-১১’র অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >