আর্জেন্টিনার ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ সম্মানগুলোর একটিতে এবার যুক্ত হলো নতুন অধ্যায়। ২০২৫ অলিম্পিয়া অ্যাওয়ার্ডস মঞ্চে প্রথমবারের মতো দেওয়া হলো ‘অলিম্পিয়া ইনফিনিটো’ দীর্ঘস্থায়ী ও চিরন্তন অবদানের স্বীকৃতি। এই বিশেষ সম্মানে ভূষিত করা হয় আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর প্রয়াত ডিয়েগো ম্যারাডোনাকে।
সোমবার বুয়েনস আয়ার্সের উসিনা দেল আর্তেতে আয়োজিত জমকালো অনুষ্ঠানে প্রয়াত ম্যারাডোনার হয়ে মঞ্চে ওঠেন তার দুই কন্যা ডালমা ও জিয়ানিন্না ম্যারাডোনা। বাবার স্মৃতিতে তারা যে বক্তব্য দেন, তা পুরো মিলনায়তনে আবেগের ছোঁয়া ছড়িয়ে দেয়।
ডালমা ম্যারাডোনা বলেন, “আমাদের বাবা আর্জেন্টিনার সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রীড়া পুরস্কারপ্রাপ্তদের একজন—এতে আমরা গভীরভাবে গর্বিত। এই মুহূর্তে তার হয়ে প্রতিনিধিত্ব করতে পারা আমাদের জন্য বড় সম্মানের। তবে সত্যি বলছি, ভালো হতো তিনি এই পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে উঠতেন, আর আমরা নিচে বসে আগের মতোই তাকে করাতালি দিয়ে অভিনন্দন জানাতাম।’
তিনি আরও যোগ করেন, “আমরা তার হয়ে কথা বলতে চাই না। কারণ অন্যরা যখন তার হয়ে কথা বলে, সেটাও আমাদের ভালো লাগে না।”
এরপর বক্তব্য দেন জিয়ান্নিনা ম্যারাডোনা। বাবার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, “আমরা আজ এখানে দাঁড়িয়ে আছি তার সঙ্গে কাটানো জীবনের কারণেই। তাকে খুব কাছ থেকে জানার সুবাদে আমরা বুঝি—এই পুরস্কারের মূল্য তার কাছে কতটা ছিল। এই পুরষ্কারটি আর্জেন্টিনার একজন মানুষের জন্য, ইতিহাসের সবচেয়ে সুন্দর গোল করা মানুষটির জন্য, তিনি আমার বাবা।’
আবেগভরা কণ্ঠে জিয়ানিন্না আরও বলেন, “আমরা তার জন্য ন্যায়বিচার দাবি করে যাব, যতদিন না তিনি তা পান। যারা দূর থেকে কিংবা কাছ থেকে আমাদের সমর্থন করছেন এবং প্রতিদিন কাজ করে যাচ্ছেন—তাদের সবাইকে ধন্যবাদ। আমরা জানি, আমরা একা নই। এই পুরস্কার আপনাদের সবার জন্যও।”
অলিম্পিয়া অ্যাওয়ার্ডসের ৭২তম আসরে অলিম্পিয়া দে ওরো জেতেন মোটরস্পোর্টস তারকা অগাস্তিন কানাপিনো, যিনি এক মৌসুমে তিনটি জাতীয় শিরোপা জিতে ইতিহাস গড়েন।








