প্রথমবারের মতো নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের দল কোনো পদক নিশ্চিত করলো।
শনিবার (২২ নভেম্বর) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে থাইল্যান্ডকে ৪০-৩১ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ।
আন্তর্জাতিক কাবাডির নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে হারলেও অংশগ্রহণকারী দল ব্রোঞ্জ পদক পাবে।
প্রথমার্ধে থাইল্যান্ডের সঙ্গে কড়া লড়াই করে বাংলাদেশ। তবে রেইডার শ্রাবণী মল্লিক চোট পাওয়ায় কিছুক্ষণ মাঠের বাহিরে থাকেন, যা দর্শকদের মনে একসময় উদ্বেগের ছাপ ফেলে। কয়েক মিনিটের মধ্যে তিনি সুস্থ হয়ে আবার মাঠে ফিরেন। বিরতির আগে এক রেইড থেকে দুই পয়েন্ট পেয়ে বাংলাদেশের ব্যবধান হয়ে দাঁড়ায় ১৪-১২।
দ্বিতীয়ার্ধে শ্রাবণী আরো আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং একের পর এক রেইডে দলের পয়েন্ট বৃদ্ধি করেন। থাইল্যান্ড ম্যাচের শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চেষ্টা করলেও বাংলাদেশের জয়কে আটকাতে পারেনি।
একই দিনে সেমিফাইনাল নিশ্চিত করেছে গত আসরের রানার্সআপ ইরান। তারা নেপালকে ৩৯-১১ পয়েন্টে হারিয়েছে।
ঘরের মাঠে বাংলাদেশের শুরুটা ভালো ছিল। প্রথম ম্যাচে উগান্ডাকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে জয় এসেছে জার্মানির বিপক্ষে। তৃতীয় ম্যাচে যদিও হেরে যায় ভারতের কাছে।
এর আগে শুক্রবার উগান্ডাকে ৫১-১৬ পয়েন্টে হারিয়ে ভারত গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে উঠে গেছে। রবিবার (২৩ নভেম্বর) তারা ফাইনালের লড়াইয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ দলের সঙ্গে মুখোমুখি হবে, যা এখনো নির্ধারিত হয়নি।
এ বছর নারী কাবাডি বিশ্বকাপের এটি দ্বিতীয় আসর। সর্বশেষ ২০১২ সালে ভারত ইরানকে হারিয়ে শিরোপা জিতেছিল। সেবার বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছিল।








