নারায়ণগঞ্জ । সোমবার
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবির নির্বাচন ৭ জুন, তফসিল ঘোষণা

ঢাকা, ১৭ মে — বাংলাদেশ ক্রিকেট বোর্ড–এর (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে। শনিবার প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত তফসিল অনুযায়ী, সেদিনই ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে।

অন্তর্বর্তী সভাপতির দায়িত্ব নেওয়ার পরই দ্রুত নির্বাচন আয়োজনের কথা জানিয়েছিলেন তামিম ইকবাল। গত ৭ এপ্রিল দায়িত্ব নেওয়ার প্রায় দুই মাসের মধ্যেই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হলো।

তফসিল অনুযায়ী, কাউন্সিলরদের জমা দেওয়া তালিকার ভিত্তিতে ১৭ মে বিকেল চারটায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ তালিকার ওপর ১৮ মে আপত্তি গ্রহণ এবং ১৯ মে শুনানি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

মনোনয়নপত্র বিতরণ চলবে ২০ ও ২১ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়ন জমা নেওয়া হবে ২১ ও ২২ মে বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ২৩ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

আপিল গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে ২৪ মে। পরদিন ২৫ মে মনোনয়ন প্রত্যাহার এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। একই দিনে পোস্টাল ও ই-ব্যালটের আবেদনও গ্রহণ করা হবে।

ঈদুল আজহার বিরতির পর ১ জুন থেকে আবার শুরু হবে নির্বাচনী কার্যক্রম। পোস্টাল ও ই-ব্যালট পাঠানোর কার্যক্রম চলবে ১ থেকে ৬ জুন পর্যন্ত। রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব ব্যালট জমা দেওয়ার শেষ সময় ৭ জুন দুপুর ১টা।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম–এ অবস্থিত বিসিবি কার্যালয়ের বোর্ডরুমে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৬টায় ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচনে সরাসরি ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনয়ন দেবে আরও দুই পরিচালক। পরে ২৫ পরিচালকের ভোটে নির্বাচিত হবে বিসিবির নতুন সভাপতি।

বিসিবির নির্বাচন কমিশনের নেতৃত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। কমিশনের অন্য সদস্যরা হলেন ইসরাইল হাওলাদার এবং এ বি এম এহসানুল মামুন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >