নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত এবং সমালোচিত নাম মোস্তাফিজুর রহমান দীপু ভুঁইয়া। একসময় মাঠ পর্যায়ের তৃণমূল নেতা থেকে উঠে আসা এই তরুন রাজনীতিকের উত্থান ছিলো প্রশংসনীয় এবং তিনি ছিলেন দলের নিবেদিতপ্রাণ কর্মী। কিন্তু সাম্প্রতিক সময়ে নানা অভিযোগ আর অপকর্মের কারনে তার ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে চরমভাবে, তিনি এখন নানা বিতর্কের কেন্দ্রবিন্দুতে। দলীয় মহল থেকে শুরু করে সাধারণ কর্মীরাও প্রশ্ন তুলছেন তার ভাবমূর্তি ও নেতৃত্ব নিয়ে,এমতাবস্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার দলীয় মনোনয়ন এখন বড় ধরনের ঝুকিতে রয়েছে।
রাজনীতির শুরুতে দীপু ভুঁইয়া দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। সফলভাবে দলীয় কর্মসূচি পালন, আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকার কারণে তাকে বিএনপি কেন্দ্র থেকে জেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে আসীন করা হয়। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।
তবে ছন্দপতনের শুরু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর পর থেকে।২০২৪ সালের ৫ আগস্টের পর তার রাজনৈতিক যাত্রায় ধস নামে।বিতর্কের ঝড় উঠে বিদেশী গণমাধ্যম বিবিসি বাংলা-র এক প্রতিবেদনে। প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয় যে,ফ্যাসিস্ট হাসিনার কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের প্রভাবশালী সেলিম ওসমান এর ব্যবসা-বাণিজ্যের অংশীদার হয়েছেন দীপু ভূঁইয়া এবং বর্তমানে ওই স্বৈরাচারী পরিবারটির সম্পত্তির দেখভাল করছেন তিনি।

এছাড়াও রুপগঞ্জে মামলা বানিজ্য,মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এমনকি জোরপূর্বক জমি দখলসহ নানা অপকর্মের সঙ্গে তার অনুসারীরা জড়িত আছেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি তার অনুসারী কয়েকজন সন্ত্রাসী প্রশাসনের হাতে গ্রেফতারও হয়েছে। এদের মধ্যে রয়েছে মুড়াপাড়ার ‘শূটার রিয়াজ’, চনপাড়ার ‘শামীম’, গন্ধবপুরের ‘পিন্টু’ ও রুপগঞ্জের চাঁদাবাজ ‘শফিক’। দল থেকে বহিষ্কৃত চনপাড়ার যুবদল নেতা শামীমের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন তিনি,বিভিন্ন সময়ে ব্যাক্তিগত গাড়িতে করে এই নিষিদ্ধ নেতাকে নিয়ে ঘুরতে দেখা গেছে দীপু ভূঁইয়াকে।

দলীয় সূত্র বলছে,এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ সিনিয়র নেতাকর্মী এবং বিএনপির হাইকমান্ডও গভীরভাবে অসন্তুষ্ট। বিশেষ করে জুলাই যোদ্ধা হত্যাকাণ্ডে অভিযুক্ত ওসমান পরিবারকে বিদেশে পালাতে সহযোগিতা এবং এখনো সেই পরিবারকে সমর্থন দেয়ায় তার বিরুদ্ধে দলের ভেতরে বাড়ছে ক্ষোভ।

এমন অবস্থায় সামনে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রূপগঞ্জের মতো গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী বাছাইয়ে বিএনপি হাইকমান্ড এখন গভীর বিশ্লেষণে ব্যস্ত। সম্প্রতি দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে গুলশানে ভিডিও বৈঠক করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের একাধিক সূত্র জানিয়েছে, দীপু ভুঁইয়ার মনোনয়ন এখন তীব্র ঝুঁকিতে।
রূপগঞ্জ আসনে বিএনপি এবার ক্লিন ইমেজ, জনপ্রিয় ও ত্যাগী নেতাকে মনোনয়ন দিতে চায়।এমন ক্লিন ইমেজ মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ে কতখানি এগিয়ে থাকবেন এই বিতর্কিত নেতা ?






