নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জে ফার্নেস অয়েলের গুদামে আগুন, আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের একটি গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও এলাকার ঈদগাহ মাঠসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গোডাউনের খোলা জায়গায় ১৫ থেকে ২০টি পুরোনো মবিলের ড্রাম রাখা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জ্বলন্ত সিগারেটের অবশিষ্টাংশ থেকে আগুনের সূত্রপাত হয়। একপর্যায়ে ড্রামে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর একটি বিস্ফোরণ হয়।

সংবাদ পেয়ে সিদ্ধিরগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় বিকেল ৫টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে চার থেকে পাঁচটি ড্রাম ক্ষতিগ্রস্ত হলেও বাকি ড্রামগুলো অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সময় গোডাউনের মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। ফলে গোডাউনটির বৈধতা ও প্রয়োজনীয় অনুমোদন ছিল কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >