নারায়ণগঞ্জ । শুক্রবার
২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ এর মাঠ পর্যায়ের কার্যক্রম সম্পন্ন

নারায়ণগঞ্জে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর মাঠ পর্যায়ের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। “সেবার ব্রতে চাকরি” স্লোগানে প্রথমবারের মতো এ নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ জুন ২০২৬ সকাল ৮টা থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ ও কাগজপত্র যাচাই কার্যক্রম শুরু হয়। তিন দিনব্যাপী এ কার্যক্রম অদ্য ২৬ জুন দুপুর ১২টায় শেষ হয়।

নিয়োগ কার্যক্রমের প্রথম দিনে নারায়ণগঞ্জ জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি নিশাত অ্যাঞ্জেলা (এআইজি, ইন্সপেকশন-২) এবং নিয়োগ বোর্ডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের তত্ত্বাবধানে চাকরিপ্রার্থীদের শারীরিক মাপ ও প্রাথমিক কাগজপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়।

পরবর্তী বাছাই প্রক্রিয়ায় শারীরিকভাবে যোগ্য বিবেচিত হয়ে মোট ১৪৭ জন প্রার্থী প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়েছেন। তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশ নেবেন। পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, “এএসআই পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত। শারীরিক পরীক্ষায় যোগ্য বিবেচিত হয়ে অন্যান্য পরীক্ষায় ভালো ফল অর্জনকারী প্রার্থীরাই নিয়োগের জন্য নির্বাচিত হবে।”

তিনি চাকরিপ্রার্থীদের পরিবার ও অভিভাবকদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন, কোনো প্রতারক বা দালাল চক্রের প্রলোভনে যেন কেউ বিভ্রান্ত না হন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের তদবির বা আর্থিক লেনদেনের সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >