নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেছেন, ‘বিগত ১৬ বছর ফ্যাসিস্ট ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের বিএনপি এবং অঙ্গ-সংগঠনের যত নেতাকর্মী জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন ও নির্যাতিত নিপীড়িত হয়েছেন, তাদের পরিবারসহ প্রত্যেকের পাশে আমরা দাঁড়াতে চাই। তাদের অবদান ও ত্যাগ আমরা কখনই ভুলতে পারবো না। তাদের জন্য সর্বাবস্থায় আমাদের দোয়া রয়েছে। পাশাপাশি সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়াতে চাই।
যেমনটা অতীতেও করা হয়েছে। আমরা চাই, যারা স্বজনহারা হয়েছে, তারা যেন আমাদের মাঝেই তাদের আপন জনকে খুঁজে পায়। যেন কিছুটা হলেও তাদের দুঃখ কষ্ট প্রশমিত হয়।’
গতকাল শুক্রবার ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান রনি এসব কথা বলেন।
এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোক্তার হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান ও ৭নং ওয়ার্ড বিএনপির প্রবীন সদস্য নূর মোহাম্মদ সরদার সহ এনায়েতনগর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সংগঠনের সকল মরহুম নেতাকর্মীদের স্মরণে এবং তাদের রুহের মাগফেরাত কামনায় এই স্মরণ সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন। এসময় এনায়েতনগর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ প্রয়াত নেতাকর্মীদের পরিবারের স্বজন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




