নারায়ণগঞ্জ । রবিবার
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাস ভাড়া বৃদ্ধি গণবিরোধী সিদ্ধান্ত : রনি

নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বন্ধন ও উৎসব পরিবহনের ভাড়া ৫০ থেকে ৫৫ টাকা বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে এই সিদ্ধান্ত গণবিরোধী বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।


বৃহস্পতিবার (২১ আগস্ট) বিবৃতিতে তিনি বলেন, ‘দেশের মানুষ নতুনত্ব চায়, বিকল্প চায়, সুস্থ, সুন্দরভাবে বাঁচতে চায়। নিরাপদে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে চায়। কিন্তু অত্যন্ত দু:খজনক বিষয় হলো পরিবহন সিন্ডিকেটের কবল থেকে মানুষ মুক্তি পাচ্ছে না। বছরের পর বছর ধরে পরিবহন সিন্ডিকেডের কাছে মানুষ জিম্মি। এমন অবস্থায় সম্পূর্ণ অযৌক্তিকভাবে বন্ধন ও উৎসব বাসের ভাড়া ৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। যেখানে রাস্তার দূরত্ব বৃদ্ধি পায়নি, জ্বালানির মূল্য বৃদ্ধি পায়নি, বরং গত এক বছরে দুই দফা জ্বালানী তেলের দাম কমেছে। সেখানে বাস ভাড়া কমার কথা, অথচ উল্টো ভাড়া বাড়ানো হলো। আমি মনে করি, নাগরিকদের দৈনন্দিন জীবনের ব্যয় বাড়িয়ে, সাধারণ মানুষকে আর্থিক চাপের মুখে ফেলা মোটেও গ্রহণযোগ্য হতে পারে না। বাস ভাড়া বাড়ানো একটা গণবিরোধী সিদ্ধান্ত।


তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসকের নেয়া পদক্ষেপ হিসেবে শিক্ষার্থীদের ২৪ ঘন্টা হাফ পাসের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। কিন্তু পরিবহন মালিকদের সিন্ডিকেটের আবদারে ৫ টাকা ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তকে আমি একদমই গ্রহণযোগ্য বলে মনে করছি না।’


উল্লেখ্য, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া ৫০ টাকা থেকে ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করা হয়েছে। সেই সাথে সপ্তাহের ৭ দিন শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নেয়া হবে। বুধবার (২০ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভায় এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। এর আগে গত নভেম্বরে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৪৫ টাকা করার দাবীতে আন্দোলন করে যাত্রী অধিকার সংরক্ষন ফোরাম। পরে ৫০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >