নারায়ণগঞ্জ । সোমবার
৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাস ভাড়া বৃদ্ধি না.গঞ্জবাসীকে হতাশ করেছে : সাখাওয়াত

নারায়ণগঞ্জ টু ঢাকা রুটে চলাচলকারী গণপরিবহনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন মহানগর বিএনপির আহবায়ক ও নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বৃহস্পতিবার সন্থ্যায় সাখাওয়াত হোসেন খান তার ফেসবুক আইডিতে এক পোস্ট করে এই সমালোচনা করেন।


পোস্টে সাখাওয়াত হোসেন খান লিখেন, ‘বাস ভাড়া বৃদ্ধি নারায়ণগঞ্জের মানুষকে হতাশ করেছে। এই অনৈতিক ভাড়া মেনে নেয়া যায় না।’


সাখাওয়াত হোসেন খানের এই পোস্টে নেটিজেনরা সহমত জানিয়ে নানা মন্তব্য করেন। এবং গণমানুষের পক্ষে কথা বলায় তাকে সাধুবাদ জানান।


জানতে চাইলে এই প্রতিবেদককে সাখাওয়াত হোসেন খান বলেন, ‘বাস ভাড়া বাড়ানো জনগণের সঙ্গে অবিচার। এতে শ্রমজীবী, দিনমজুর, শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষের ভোগান্তি চরমে পৌঁছাবে। বাস ভাড়া বৃদ্ধির ফলে সাধারণ মানুষকে নিত্যদিন অতিরিক্ত খরচ বহন করতে হবে। ইতোমধ্যে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা, এর সঙ্গে ভাড়া বৃদ্ধির বোঝা তাদের জীবনে নতুন সংকট ডেকে আনবে। পরিবহন মালিকেরা সবসময় সুযোগ পেলেই ভাড়া বাড়ায়, কিন্তু সেবার মান বাড়ানোর কোনো উদ্যোগ নেয় না। রাস্তায় ভাঙাচোরা গাড়ি, অতিরিক্ত যাত্রী বোঝাই, দুর্ঘটনা ও হয়রানি নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। তবুও বারবার সাধারণ মানুষকেই ভাড়া বৃদ্ধির শিকার হতে হচ্ছে।’


উল্লেখ্য, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া ৫০ টাকা থেকে ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করা হয়েছে। সেই সাথে সপ্তাহের ৭ দিন শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নেয়া হবে। বুধবার (২০ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভায় এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। এর আগে গত নভেম্বরে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৪৫ টাকা করার দাবীতে আন্দোলন করে যাত্রী অধিকার সংরক্ষন ফোরাম। পরে ৫০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >